২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 06:09 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো.মঈনুর রহমান জানান, বুধল ইউনিয়নের বুধল ও মালিহাতা গ্রামের লোকজনের মধ্যে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ সংঘর্ষ হয়।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাভাবে দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঈনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বুধল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।  এতে মাইক প্রতীকে শিউলী আক্তার সেলিম ও তালগাছ প্রতীকে রওশন আরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শিউলী বিজয়ী হন।

“ভোট চলাকালে মানিহাতা একটি কেন্দ্রে শিউলীর সমর্থক-লিয়াকত আলী রওশন প্রতিদ্বন্দ্বী রওশন আরার সমর্থক সুমনকে মারধর করেন। এর জেরে ওইদিন বিকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

“পরে সোমবার সকাল ৮টা শিউলী ও রওশনের অনুসারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। বেলা ১টা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত ৫০ জন।”

ওসি বলেন, সংঘর্ষের সময় স্থানীয় বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে রবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।