কৃমিনাশক খেয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অসুস্থ
কৃমিনাশক ওষুধ খেয়ে চাঁদপুর, সাভার ও রাজবাড়ীতে দেড় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে তিন জেলার বেশ কয়েকটি স্কুলে এসব ঘটনায় অসুস্থরা সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের দেড়শ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্কুলটির প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান ।
তিনি বলেন, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সোমবার বেলা ১১টায় সরকারিভাবে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। কৃমির ওষুধ খেয়ে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ে।
তাদের হাজীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান শিক্ষক জয়নাল।
এছাড়াও জেলার রামকানাই বালিকা উচ্চ বিদ্যালয়, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় ও সিদলা মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী নুর মোহাম্মদ বশির আহম্মদ বলেন, জরুরি চিকিৎসা দেওয়ার জন্য ২০ জন চিকিৎসক, ১০ জন প্যারামেডিকেল চিকিৎসক, নার্সসহ প্রায় অর্ধশত কর্মকর্তা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিয়েছেন।
“প্রত্যেককে চিকিৎসা দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে সবাই সেরে উঠবে। ভয়ের কোনো কারণ নেই।”
কৃমিনাশক ট্যাবলেট ভরা পেটে খেলে কোনো অসুবিধা নেই। সকলকে সচেতনতার সঙ্গে কৃমিনাশক সেবন করার পরামর্শ দিয়েছেন তিনি।
সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ওষুধ খেয়ে সোমবার দুপুরে ১০ শিক্ষার্থী অসুস্থ্ হয়েছে বলে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস জানান।
তাদের তুরাগ এলাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী স্কুলের প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ায়। এ সময় ১০ জন শিক্ষার্থীর পেটে ব্যথা ও বমি শুরু হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ সবাই চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানান শিক্ষক জান্নাতুল।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমজাদুল হক বলেন, “আতঙ্কিত হওয়ার কিছুই নেই। গরম একটু বেশি হওয়ায় কিছু বাচ্চারা অসুস্থ্ হয়ে পড়েছে।”
রাজবাড়ী সদরে কৃমিনাশক খেয়ে দুটি বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার রবিউল আযম বলেন, “কৃমিনাশক খেয়ে অসুস্থ পাঁচ শিক্ষার্থী আমাদের কাছে চিকিৎসা নিচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
