২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর ভিডিও ধারণ, গ্রেপ্তার ১১

কুড়িগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও তার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে ১১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 07:14 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

সোমবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান।

গ্রেপ্তারদের মধ্যে মামলার প্রধান আসামি নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জের কেরানীপাড়ার হোসেন আলীর ছেলে রাশেদুল ইসলাম নাম জানালেও অন্যদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

অভিযোগের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাশেদুল ইসলাম। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলে এবং তা মোবাইল ফোনে ভিডিও করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেয়।

“পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে রাশেদুল ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।”

পরে মেয়ের মামা বাদী হয়ে সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানান তিনি।