নরসিংদীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ১
নরসিংদীর রায়পুরায় একটি অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার দুপুরে উপজেলার আমীরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল পথে এ দুর্ঘটনা ঘটে বলে আমীরগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ আমিনুল শিকদার জানান।
নিহত ইসমাইল হোসেন ভুইয়া (৫৫) অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেল পুলিশের এ কর্মকর্তা জানান, আমীরগঞ্জ বাজার থেকে বেগুন বোঝাই অটোরিকশাটি অরক্ষিত রেলক্রসিং দিয়ে পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান।
খবর পেয়ে রেল পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে বলে জানান তিনি।
