২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জহির হত্যায় কথিত প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

কুমিল্লার কাপ্তানবাজারের হোটেল কর্মচারী হত্যায় স্ত্রী ও তার কথিত প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, যে মামলায় ওই দম্পতির ছেলেও মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2017, 06:02 PM

Updated : 11 Apr 2022, 11:14 PM

মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মৃত জহির মিয়ার স্ত্রী শিরিন আক্তার (১৭) ও নগরীর ঝাঁকুনীপাড়ার মৃত কুমোদ চন্দ্র ভট্টাচার্যের ছেলে দুলাল চন্দ্র ভট্টাচার্য্য (২৮)।

মামলার নথির বরাত দিয়ে পিপি মোস্তাফিজুর রহমান লিটন জানান, শারীরিক অসুস্থতার সুযোগে ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা আদালত চত্বরের আবদার আলী হোটেলের কর্মচারী জহির মিয়াকে  পূর্বপরিকল্পিতভাবে স্যালাইনের সঙ্গে বিষাক্ত ওষুধ দিয়ে মুখে স্কচটেপ ও বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়। পরে স্বজনদের আবেদনে লাশ কবর থেকে তুলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

লিটন জানান, এ ব্যাপারে জহির মিয়ার বড় ভাই বাদী হয়ে শিরিন আক্তারসহ অজ্ঞতনামা ২/৩ জনকে আসামি করে আদালতে মামলা করেন। তদন্ত শেষে শিরিন ও দুলালকে আসামি করে ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার বিচারে সাক্ষ্য প্রমাণে আসামি শিরিন ও দুলালের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেয় আদালত বলে জানান তিনি।

মামলায় শিরিন-জহির দম্পতির সাত বছরের ছেলে সাক্ষ্য দেয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নূরুল ইসলাম বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।