হাতিয়ায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
ওই এলাকার বর্তমান ইউপি চেয়ারম্যান মাছুম বিল্লাহ ও সাবেক চেয়ারম্যান একেএম সিরাজ উদ্দিনের অনুসারীদের মধ্যে শনিবার সন্ধ্যায় এই সংঘর্ষ হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়া শরীফ জানান।
আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি পক্ষ আলোচনা সভা ও শোভাযাত্রা বের করে। এরপর শনিবার সন্ধ্যায় বর্তমান চেয়ারম্যান মাছুম বিল্লার সমর্থকরা পৃথক কর্মসূচি দেয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল উদ্দিন, রুবেল, রাসেল, নেছার, ফারুক, নাছির, আরিফ ও দ্বীজনকে জাহাজমারা বাজারে চিকিৎসা দেওয়া হয়।
