পাবনায় আগুনে একজনের মৃত্যু, পুড়েছে ১৬ ঘর
পাবনার আটঘরিয়া উপজেলায় বাড়িতে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে; পুড়ে গেছে ছয় পরিবারের ১৬টি ঘর।
আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সোমবার মধ্যরাতে উপজেলার ডেঙ্গারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান (৪২) ওই গ্রামের আহেদ আলীর ছেলে।
ওসি ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের আবদুল কাদেরের বাড়ির বসতঘরে রাত ২টার দিকে আগুন লেগে আশপাশের ছয় বাড়িতে ছড়িয়ে পড়ে।
“আগুন নেভাতে গিয়ে বেশ কজন আহত হন। স্থানীয়রা তাদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সিদ্দিকুর মারা যান।”
পাবনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও পথে তাদের গাড়ি বিকল হয়ে যায় জানিয়ে তিনি বলেন, পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট রওনা হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
“প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।”
আগুনে ছয় বাড়ির ১৬টি ঘর পুড়ে গেছে বলে তিনি জানান।
এদিকে ক্ষতিগ্রস্তরা ফায়ার সার্ভিসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন।
তবে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলছেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি গাড়ি রওনা হয়। পথে গাড়ি নষ্ট হলেও আরেকটি গাড়ি পাবনা থেকে ও অপর একটি ইউনিট ঈশ্বরদী থেকে রওনা হয়।
“কিন্তু এলাকাবাসী আমাদের ঘটনাস্থলে যেতে দেয়নি। এখানে আমাদের লোকজনের দায়িত্বহীনতার প্রশ্নই ওঠে না। ওই গ্রামের লোকজন না বুঝে আমাদের ওপর মিথ্যা অপবাদ দিচ্ছেন।”
