স্পিডবোট দুর্ঘটনা: শরীয়তপুরের বিএনপি নেতার লাশ উদ্ধার
পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে ঝড়ে স্পিডবোট ডুবির পর শরীয়তপুরের জাজিরা উপজেলা বিএনপির সভাপতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের লৌহজং থানার ওসি আনিচুর রহমান জানান, শুক্রবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইকবাল শিকদার (৪৫) বুধবার বিকালে স্পিডবোট ডুবির পর থেকে নিখোঁজ ছিলেন বলে পুলিশের ভাষ্য।
স্পিডবোট ডুবির পর এই নিয়ে তিনজনের লাশ পাওয়া গেল।
বুধবার বিকালে ঝড়ে পড়ে স্পিডবোট ডুবে গেলে লাবিব নামে ১০ বছরের এক শিশু আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার সকালে বাকেলা (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
এছাড়া এ ঘটনায় তাহমিনা আক্তার (১২) নামে আরও এক শিশু নিখোঁজ বলে পুলিশের পক্ষে জানানো হচ্ছে।
ওসি আনিচুর বলেন, “ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা কবলিত স্পিডবোটের যাত্রী ছিলেন বিএনপির নেতা ইকবাল শিকদার। দুর্ঘটনার পর কোনো নৌযানের সঙ্গে লেগে লাশটি ঘাটের কাছে চলে আসতে পারে।”
ইকবালের লাশ তার ভাই শাহিন শিকদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে স্পিডবোট ডুবির পর শুধু তাহমিনা আক্তার নিখোঁজ বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। পরে বিএনপি নেতা ইকবাল নিখোঁজের খবর আসে। বাকেলা নামের ওই নারী নিখোঁজের তালিকায় ছিলেন না। এ কারণে আরও কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনায় পড়া স্পিডবোটটি শনাক্ত করা হয়েছে।
মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমূল ইসলাম বলেন, স্পিডবোটটির মালিক মাঝিকান্দির মিঠু মাঝি। দুঘর্টনার সময় চালক ছিলেন মাঝিকান্দির হালেম মিয়া।
“অতিরিক্ত যাত্রী উঠিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্পিডবোটটি চালানো হচ্ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে তিনি জানান।
