কক্সবাজারে ইয়াবাসহ ২ ‘মাদক বিক্রেতা’ আটক
কক্সবাজারে দুই যুবককে ইয়াবাসহ আটক করা হয়েছে; যাদের মাদক বিক্রেতা বলছে র্যাব।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সওদাগর পাড়ায় বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন চকরিয়া উপজেলার উত্তর লক্ষ্যারচর এলাকার মো. আলমগীরের ছেলে মো. রুহুল আমিন (২৮) এবং সদরের সওদাগর পাড়ার আলী আকবরের ছেলে মো. শাহাব উদ্দিন (২৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেজর রুহল জানান, মাদক বিক্রেতারা কয়েকজনের কাছে ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়।
“এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি চালানো হলে একটি প্যাকেটে মোড়ানো অবস্থায় দুই হাজার ইয়াবা পাওয়া যায়।”
রুহল জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক আট লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
