২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসাশিক্ষক কাশেম ‘উধাও হন এক বছর আগে’

ঢাকায় গ্রেপ্তার নব্য জেএমবির শীর্ষ নেতা মাওলানা আবুল কাশেম ওরফে মুফতি কাশেম দিনাজপুরের চিরিরবন্দরের একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 10:14 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

পুরনো খবর:

জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ কাশেম জাহাজবাড়ির মামলায় রিমান্ডে
র‌্যাব বলেছিল ‘সারোয়ার’, পুলিশ জানাল ‘কাশেম’

সেখানে থেকে এক বছর আগে তিনি ‘উধাও’ হয়েছিলেন বলে জানান ‘ওকড়াবাড়ি হামিদিয়া এতিমখানা ও মাদ্রাসা’ পরিচালনা কমিটির সভাপিত আব্দুল হামিদ শাহ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর সেনপাড়া পর্বতা থেকে মুফতি কাশেমকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। 

ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়ি নামের একটি ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শুক্রবার তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

গত বছরের ২৬ জুলাই ওই অভিযানে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত হয়।

আব্দুল হামিদ শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কাশেম ২০১৫ সালে এ মাদ্রাসায় ‘প্রধান শিক্ষক’ হিসেবে চাকরি নেন। এখানে প্রায় এক বছর চাকরি করার পর ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তিনি হঠাৎ ‘উধাও’ হয়ে যান। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

তিনি বলেন, এখানে কাশেমকে জ্ঞানী এবং ভালো আলেম হিসেবেই চিনতেন সবাই। আবুল কাশেম এমন কাজের সাথে জড়িত, তা তারা কখনও বুঝতে পারেননি এবং ধারণাও করতে পারেননি। তার জঙ্গি সংশ্লিষ্টতার খবরে মাদ্রসার ছাত্র-শিক্ষক হতবাক।

“এই মাদ্রাসায় আবুল কাশেমের তিন ছেলেও পড়তেন। গত ডিসেম্বরে তারা ছুটিতে গিয়ে আর ফিরে আসেনি।”

হামিদ আরও বলেন, মাদ্রাসায় চাকরি করার সময় কাশেম মাদ্রসাতেই থাকতেন। শুক্রবার জুম্মার নামাজে খুতবাও দিতেন। মাদ্রসার বাইরে কম যেতেন এবং কথাও কম বলতেন।

আবুল কাশেম কুড়িগ্রামের চিলমাড়ী উপজেলার ভাটিয়ার চর এলাকার শওকত আলীর ছেলে বলে জানান হামিদ শাহ।

কাশেমকে গ্রেপ্তারের পর শুক্রবার পুলিশের সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, এই জঙ্গি নেতা এক সময় দিনাজপুরের রানীর বন্দর এলাকার একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। অনেক আগে থেকেই তিনি ‘সপরিবারে’ পুরাতন জেএমবির সঙ্গে জড়িত ছিলেন।

২০০৯ সালে জেএমবির একাংশের আমির মাওলানা সাইদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর কাশেমই সংগঠনের ওই অংশের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালে তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমের যৌথ উদ‌্যোগে বাংলাদেশে নব্য জেএমবির কর্মকাণ্ড শুরু হয় বলে মনিরুলের ভাষ‌্য।

তিনি বলেন, তামিম চৌধুরী ২০১৩ সালে কানাডা থেকে আসার পর রাজশাহীতে বৈঠক করেন, সেখানে কাশেমও উপস্থিত ছিলেন।