আশুগঞ্জে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
দুই চালকের সাজার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে আহত কারও নাম-পরিচয় জানা যায়নি। তাদের আশুগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে গাড়ি চলাচলে বাধা দেয় পরিবহন শ্রমিকরা।
পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় শ্রমিকরা পুলিশের উপর ইট-পাটকেল ছুড়তে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়লে কয়েকজন আহত হয় বলে ওসি জানান।
এদিকে পুলিশ চড়াও হওয়ায় অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া দাবি করেন, শ্রমিকরা ধর্মঘটের পক্ষে যানবাহন চালকদের উদ্বুদ্ধ করতে গেলে পুলিশ তাদের উপর চড়াও হয়।
পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি সেলিম উদ্দিন।
