আস্থা অর্জন করতে চাই: নির্বাচন কমিশনার রফিকুল
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, দেশ ও বিদেশের মানুষের কাছে আস্থা অর্জনের সঙ্গে সব নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে করতে চান।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন তিনি।
আগামী ৬ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রফিকুল ইসলাম বলেন, “আমরা দেশ ও বিদেশের মানুষের কাছে আস্থা অর্জন করতে চাই। শুধু সুনামগঞ্জের এই উপজেলায় নয়; সব নির্বাচন আমরা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে করতে চাই।”
“জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের সুনাম ধরে রাখতে হবে। এ জন্য আমরা চাই সকলের সহযোগিতা।”
তিনি বলেন, “সবাই সহযোগিতা করলে সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ন থাকবে। তাই নির্বাচনে প্রার্থী ভোটার ও সংবাদ মাধ্যমের সকলের কাছে সহযোগিতা চাই আমরা।”
সবাই সহযোগিতা করলেই অবাধ সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো.কামরুজ্জামানের পরিচালনায় এতে রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ, ২৮ বিজিবি উপ-অধিনায়ক মেজর মাহবুবুল আলম ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ।
