২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ভূমি অফিসে অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে একটি ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 04:14 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

রোববার রাতের কোনো এক সময় উপজেলার এনায়েতনগর ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে বলে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার শরিকুল ইসলাম জানান।

এনায়েতনগর ভুমি অফিসের তহসিলদার মো. বেলায়েত হোসেন জানান, অফিসের তালা ভেঙে দুর্বৃত্তরা আলমারিতে থাকা কাগজপত্রে আগুন ধরিয়ে দিয়েছে।

“সকালে অফিসের পিয়ন এসে বিষয়টি দেখতে পেয়ে উপজেলা ভূমি অফিসে জানায়।”

খবর পেয়ে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, কালকিনি উপজেলা ভূমি সহকারী কমিশনার শরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আগুনে ইউনিয়নের আরএস এর সকল কাগজপত্রসহ পুরনো রেজিস্ট্রার ও দলিল পুড়ে গেছে বলে জানান তিনি।

শরিকুল ইসলাম বলেন, “কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে কিছেই বলা যাচ্ছে না।”

তবে এ ঘটনায় তহসিলদার বেলায়েত হোসেন বাদী হয়ে কালকিনি থানায় অজ্ঞাত ১০/১২ জন আসামি করে মামলা করেছেন বলে জানান তিনি।

কালকিনি থানার ওসি কৃপাসিন্ধু বালা বলেন, ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।