লাকসামে ব্যবসায়ী হত্যায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন
কুমিল্লার লাকসামের ব্যবসায়ী জাকির হোসেন হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পশ্চিমগাঁও সাহা পাড়ার টুটুল সাহা, তার বাবা বাবুল সাহা, মা গীতা রানী সাহা, ভাই মিঠুন সাহা ও শিমুল সাহা।
একইসঙ্গে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে বলে জানান অতিরিক্ত পিপি আবু তাহের।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, আর্থিক লেনদেন নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ৬ নভেম্বর রাতে ব্যবসায়ী জাকির হোসেনকে মারধর করে আহত করে টুটুল সাহা ও তার পরিবারের সদস্যরা। গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন জাকিরের বড় ভাই এরশাদ মিয়া বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৮ মার্চ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
