ফেনীতে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে সহকর্মী এক নারীকে ধর্ষণের অভিযোগে একটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, নবাবপুর ইউনিয়নের মমতাজ মিয়ার বাজার এলাকা থেকে সোমবার রাতে ওমর ফারুক মানিক নামের ২৮ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ফারুক ছাগলনাইয়া উপজেলার পৌর এলাকার মটুয়া গ্রামের নুরুল হকের ছেলে। আল আরাফা এজেন্ট ব্যাংকিং শাখায় শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন তিনি।
মামলার বরাত দিয়ে ওসি হুমায়ুন জানান, সহকর্মী এক তরুণীর সঙ্গে মানিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ পর্যায়ে মেয়েটি মানিককে বিয়ের জন্য চাপ দিলে মানিক বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে থাকেন।
“সোমবার রাতে মানিক ওই তরুণীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মানিককে আটক করে পুলিশে খবর দেয়।”
ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করলে মানিককে ওই মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই তরুণীকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
