২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবহেলিত’ ভাষা শহীদের স্বজনরা

মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের নানা সুযোগ-সুবিধাসহ মর্যাদা বাড়ানোর উদ্যোগ নিলেও ভাষা শহীদ পরিবারের সদস্যরা অবহেলিত বলে অভিযোগ তুলেছেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 11:34 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

প্রতিবছর ফেব্রুয়ারিতে বইমেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও বাংলা একাডেমির পক্ষ থেকে ভাষা শহীদদের স্বজনদের সেখানে দাওয়াত দেওয়া হয় না বলে অভিযোগ তাদের।

ঢাকার উত্তরার একটি বাড়িতে বুধবার ভাষা শহীদ বরকত, রফিক ও জব্বারের স্বজনরা এক বৈঠকে অংশ নেন।

বৈঠকে শহীদ বরকতের ভাতিজা আইনউদ্দিন বরকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাষা শহীদদের স্মরণে বাংলা একাডেমি সৃষ্টি হয়েছে। সেখানে প্রতিবছর ফেব্রুয়ারিতে বইমেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও বাংলা একাডেমির পক্ষ থেকে ভাষা শহীদদের স্বজনদের কোনো দাওয়াত দেওয়া হয় না।

স্থানীয়ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের আর তেমন খোঁজ-খবর নেওয়া হয় না বলে তিনি অভিযোগ করেন।

তবে প্রতিবছর ফেব্রুয়ারিতে সাংবাদিকরা খোঁজ নিতে বাসায় যান। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের মাধ্যমে বছরে একবার (জুন-জুলাই মাসের) তার চাচার ভাতার চেক পান।

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাচুয়া গ্রামের শহীদ জব্বারের ছেলে নুরুল ইসলাম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারা বছর আমাদের কেউ খোঁজ নেন না। আমাদের সরকার প্রধানের উচিত বছরে অন্তত প্রতি ফেব্রুয়ারিতে হলেও ভাষা শহীদদের পরিবারের সদস্যরা কেমন আছেন তার কার্যালয়ে ডেকে নিয়ে খোঁজ-খবর নেওয়া।

তিনি মুক্তিযোদ্ধাদের মতো ভাষাসৈনিকদেরও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার দাবি জানান।

শহীদ বরকতের ভাতিজা আইন উদ্দিন বরকত বলেন, শহীদ সফিউর রহমানের মেয়ে শাহনাজ আপা ফোন করে ক্ষোভ প্রকাশ করে বলেন তার মা আকলিমা খাতুন ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মারা গেছেন। এক বছর পার হলেও তিনি ভাতা ও পেনশনের টাকা তুলতে পারছেন না।

মানিকগঞ্জের শহীদ রফিকের ভাই খোরশেদ আলম বলেন, ভাষা শহীদরা যথাযথ মর্যাদা পাচ্ছেন না। মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের চাকরিতে কোটা থাকলেও ভাষা শহীদদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য কোটা নেই।

স্থানীয় মুক্তিযোদ্ধা, এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছর ১৬-২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের রফিক নগরে রফিক মেলা, শিষক্ষার্থীদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

এতেও তারা সরকারি কোনো সহযোগিতা কিংবা আর্থিক অনুদান পান না বলে জানান তিনি।