নিখোঁজের পর গাজীপুরের পুকুরে তরুণের লাশ
নিখোঁজের তিন দিন পর গাজীপুর সিটি করপোরেশনে এক তরুণের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাঝুখান এলাকার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তৌফিকুল ইসলাম তানভির (২৩) টঙ্গীর গোপালপুর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে।
পুবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, নিহত তানভিরের পরিবারের সঙ্গে তার স্বজনদের জমির বিরোধ রয়েছে। এর জেরে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ডুবুরি জহিরুল নিহতের স্বজনদের বরাতে বলেন, সোমবার রিয়াদ নামের এক তরুণের ফোন পেয়ে গোপালপুরের বাসা থেকে মাঝুখানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তানভির।
“পরে তার স্ত্রী যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পান। বুধবার সন্ধ্যায় স্থানীয় এক নারীর বরাত দিয়ে তানভিরের এক মামাত ভাই ফোনে তার বাবাকে জানান, ওই নারী ওই পুকুরে এক তরুণকে ডুবে যেতে দেখেছেন।”
নিহতের বাবা তাজুল ইসলামের অভিযোগ, জমির বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে হত্যার পর ওই পুকুরে ফেলে দিয়েছে।
“ইতঃপূর্বেও আমার ছেলেকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে।”
তবে তিনি সন্দেহভাজন খুনির নাম বলেননি।
