২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে মামলা 

ঘুষ গ্রহণের অভিযোগে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 08:18 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

মঙ্গলবার বিকালে দুদক সিলেট অঞ্চলের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী আজিজুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন বলে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান।

তিনি বলেন, মামলায় সিলেট নগরীর দক্ষিণ বাগবাডি এলাকার পায়েল এন্টারপ্রাইজের মালিক অখিল সূত্রধরের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারী আজিজুর রহমানকে আটক করতে গিয়ে হামলার শিকার হয় দুদকের একটি দল। এসময় দুদকের কর্মকর্তাসহ তিনজন আহত হন।

এরপর দুদক কর্মকর্তাদের নিয়ে নিজ কার্যালয়ে বৈঠক করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।এঘটনায় ওই রাতেই সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে দুদক।

দুদক কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় আজিজুরকে সাময়িক বরখাস্তও করা হয়েছে বলে জানান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মত নাজমানারা খানম বলেন, দুদকের কর্মকর্তাদের উপর হামলার ঘটনা তদন্তে সিলেটের একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।