সিলেটে শিশু হত্যায় এক ব্যক্তির যাবজ্জীবন
সিলেটের গোলাপগঞ্জে ১১ বছর আগে শিশুকে হত্যা করে লাশ গুম করার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাইফুল আলম ওরফে বেলাল (৩২) গোলাপগঞ্জ থানার বাদেপাশা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি বেলাল উদ্দিন জানান।
মামলার বরাত দিয়ে তিনি জানান, গোলাপগঞ্জের থানার আছাব আলী ওরফে ইছাহাকের স্ত্রী রাবেয়া বেগমের সঙ্গে সম্পর্ক ছিল একই এলাকার সাইফুল আলম ওরফে বেলাল। তাদের মেলামেশা দেখে ফেলায় ২০০৬ সালের ৫ মে রাবেয়ার মেয়ে সায়মা বেগমকে (৬) ডেকে নিয়ে শ্বাসরুদ্ধে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম করে আসামি।
এ ঘটনায় পরদিন আছাব আলী ওরফে ইছাহাক বাদী হয়ে সাইফুল আলম ওরফে বেলাল ও রাবেয়া বেগমকে আসামি করে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
একই বছরের ২৭ জুলাই গোলাপগঞ্জ থানার (এসআই) মামুন অর রশিদ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
