২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক আসামির আত্মসমর্পণ

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওয়াহিদুজ্জামান সেলিম আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 03:48 PM

Updated : 25 Jul 2022, 08:54 PM

মঙ্গলবার দুপুরে আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

শুনানি শেষে বিচারক তাকে কারাগারের কনডেম সেলে পাঠানোর নির্দেশ দেন বলে জানান পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন।

এই মামলায় রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ নয়জন এখনও পলাতক রয়েছেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি আব্দুল আলীম আদালতে আত্মসমর্পণ করেন।

ওয়াজেদ আলী খোকন বলেন, ওয়াহিদুজ্জামান সেলিম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক আসামি নূর হোসেনের সহযোগী। রায় ঘোষণার ২৭ দিনের মাথায় আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত‌্যা করে লাশ ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষ‌্যা নদীতে।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন গত ১৬ জানুয়ারি এ মামলার রায়ে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত‌্যুদণ্ড দেন, যাদের মধ‌্যে ১৬ জনই র‌্যাব সদস‌্য। এছাড়া আরও নয় র‌্যাব সদস‌্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।

আসামিদের মধ‌্যে সেলিমকে নিয়ে মোট ২৬ জন এ পর্যন্ত গ্রেপ্তার হলেন।

মামলার রায় ঘোষণার সময় ২৫ দণ্ডিতের মধ্যে ২৩ জন আদালতে হাজির এবং ১২ আসামি পলাতক ছিলেন।

এদের মধ্যে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা শহর থেকে সার্জেন্ট এনামুল কবীরকে পুলিশ গ্রেপ্তার করলে পলাতক ছিলেন ১১ জন। সেলিম আত্মসমর্পণ করার পর এখন পলাতক রয়েছেন নয় জন।