২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. মাছুম বিল্লহকে বদলি করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 05:01 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

রোববার তাকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করা হয় বলে জানান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী।

উপজেলার শাহ আরপিন টিলা থেকে পাথর উত্তোলনের সময় মাটি ধসে শ্রমিক নিহতের ঘটনায় প্রশাসনের অবহেলার কথা তদন্তে উঠে আসার পর শনিবার কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলমকে প্রত্যাহার করা হয়েছে।

তবে ইউএনও মাছুম বিল্লাহর বদলি ‘রুটিন ওয়ার্ক’ বলে উল্লেখ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, সিলেটের বিভাগীয় কমিশনার নাজমুনারা খানম এ বদলির আদেশ দেন।

গত ২৩ জানুয়ারি শাহ আরপিন টিলা থেকে পাথর উত্তোলনের সময় মাটি ধসে পাঁচ শ্রমিক নিহত হন। এরপর শনিবারও এক শ্রমিক নিহত হয়েছেন।

গত ২৩ জানুয়ারির ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে।

টিলা কেটে অবৈধভাবে পাথর তোলায় স্থানীয় প্রভাবশালীচক্র জড়িত বলে প্রমাণ পায় দুই তদন্ত কমিটি। আর এতে স্থানীয় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও তদন্ত কমিটি জানায়।

জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে শাহ আরপিন টিলা কেটে অবৈধভাবে পাথর তোলায় ৪৭ জন জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। ঘটনার সঙ্গে স্থানীয় পুলিশ, প্রশাসন ও কিছু গণমাধ্যম কর্মী ‘পরোক্ষভাবে’ জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে তদন্ত কমিটি প্রতিবেদনে উল্লেখ করেছে।

এরপর পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমকে প্রত্যাহারের সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতে ওসি বায়েসকে প্রত্যাহার করা হয়েছ বলে জেলা পুলিশ জানিয়েছে।

পুরনো খবর:

কোম্পানীগঞ্জে আবার টিলা ধসে শ্রমিক নিহত, ওসি প্রত্যাহার