কোম্পানীগঞ্জে আবার টিলা ধসে শ্রমিক নিহত, ওসি প্রত্যাহার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলা থেকে পাথর উত্তোলনের সময় মাটি ধসে আবার এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার সন্ধ্যায় এ ঘটনার পর কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলমকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
নিহত আলিম উদ্দিন (৩০) সুনামগঞ্জ সদর উপজেলার আহমদাবাদ গ্রামের কমর উদ্দিনের ছেলে।
সুজ্ঞান চাকমা বলেন, শাহ আরপিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি ধসে পড়ে। এসময় ঘটনাস্থলেই মারা যান আলিম।
আহতরা হলেন মিজানুর রহমান, আব্দুল গফুর ও আব্দুল মান্নান। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি শাহ আরপিন টিলা থেকে পাথর উত্তোলনের সময় টিলা ধসে পাঁচ শ্রমিক নিহত হন। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে।
টিলা কেটে অবৈধভাবে পাথর তোলায় স্থানীয় প্রভাবশালীচক্র জড়িত বলে প্রমাণ পায় দুই তদন্ত কমিটি। আর এতে স্থানীয় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও তদন্ত কমিটি জানায়।
পুলিশের তদন্ত প্রতিবেদনে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমকে প্রত্যাহার করার সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতেই ওসি বায়েছকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান সুজ্ঞান চাকমা।
এর আগে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনেও শাহ আরপিন টিলা কেটে অবৈধভাবে পাথর তোলায় ৪৭ জন জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। ঘটনার সঙ্গে স্থানীয় পুলিশ, প্রশাসন ও কিছু গণমাধ্যম কর্মী ‘পরোক্ষভাবে’ জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
