ময়মনসিংহে জমজমাট বাণিজ্যমেলা
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পারে কাচারীঘাটে চলছে জমজমাট বাণিজ্যমেলা, যেখানে ক্রেতাদের ঠকানোর অভিযোগ উঠেছে প্রশাসনের চোখের সামনেই।
দেড় শতাধিক স্টলসহ মেলায় আছে নাগরদোলা, পুতুল নাচ ও ট্রেন মিলিয়ে বিনোদনের ১১টি ইভেন্ট। আছে ফুড কোর্ট ও আড্ডা দেওয়ার খোলামেলা জায়গা।
মেলায় লোকসমাগমও পর্যাপ্ত, কিন্তু যারা কেনাকাটা করতে আসছেন তারা খুশি হতে পারছেন না কাঙ্ক্ষিত পণ্যসামগ্রী না পাওয়ায়। মেলার নাম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্যমেলা হলেও এখানে কোনো বিদেশি স্টল না থাকায় কেউ কেউ একে ধোঁকাবাজির কারবারও বলছেন।
সব স্টল ঘুরে দেখা গেছে, ভারতীয় কয়েকটি ইমিটেশনের গয়না ছাড়া বিদেশি কোনো পণ্যও মিলছে না এ মেলায়। জুতা, কাপড়, আচার, খেলনা, চুড়ি-ফিতা, ঘর-গৃহস্থালির কিছু আসবাবপত্রসহ দেশীয় নিম্নমানের পণ্যই বিক্রি হচ্ছে।
‘আন্তর্জাতিক’ নাম শুনেই মেলায় এসেছেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন শারমিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি স্টলের ‘আন্তর্জাতিক’ নাম দেখলাম। কিন্তু সেখানে বেশি দামে বিক্রি হচ্ছে নি¤œমানের দেশি পণ্য।”
মূলত ক্রেতা টানতেই ‘আন্তর্জাতিক’ শব্দটি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
“বাণিজ্যমেলায় বাজারের চেয়ে কম দামে পণ্য কেনার সুযোগ থাকে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু এখানের দাম বাজারের চেয়ে বেশি।”
এ বিষয়ে এশিয়ান জোনের দৃষ্টি আকর্ষণ করলে সেখানকার বিক্রয়কর্মী ইয়াসিন বলেন, “আমাদের স্টলে চায়না ব্র্যান্ডের জুতা বিক্রি করা হয়। পাশাপাশি দেশি জুতাও বিক্রি হচ্ছে।
“মেলায় অনেক রকম কাস্টমারই তো আসে। যাকে যেভাবে বুঝানো যায়।”
কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি ও মেলা পরিচালক মজিবুর রহমান বেলাল বলছেন, মেলায় ১২টি বিদেশি স্টল আসার কথা ছিল। সে কারণেই ‘আন্তর্জাতিক’ লেখা হয়েছে।
তিনি জানান, ২০০১ সাল থেকে মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর শুরু হয়েছে ২৩ জানুয়ারি। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর মেলায় ১০০ থেকে ১২০ বর্গফুটের মোট ১৫৮টি ইউনিট ভাড়া দেওয়া হয়েছে। অনেকেই দুই-তিনটি করে ইউনিট নিয়ে বড় স্টল বানিয়েছে। ইউনিটভেদে ভাড়া ৪৫ হাজার থেকে ৬৫ হাজার টাকা।
আবার মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা। এখানে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার লোক আসে বলে মেলা পরিচালক মজিবুর রহমান জানান। ছুটির দিনে এই সংখ্যা দ্বিগুণের বেশি হয় বলে স্থানীয়দের ধারণা।
এমন জমজমাট মেলা থেকে সরকারকে কোনো প্রকার কর দেওয়া হয় না।
“তবে এ বিষয়ে ইতোমধ্যেই ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে যোগাযোগ হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
অন্যদিকে মেলায় প্রবেশ টিকেট বিক্রির জন্য প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়নি। প্রশাসন জানে না বলে দাবি করেছে।
“যেহেতু গেইট ইজারা দেওয়া হয়নি সেহেতু প্রবেশমূল্য নেওয়ার কথা নয় মেলা কর্তৃপক্ষের।”
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
