সিলেটে অভিযানে গিয়ে হামলার শিকার দুদক কর্মকর্তারা
সিলেটে ঘুষের টাকাসহ জেলা প্রশাসনের এক কর্মচারীকে আটক করতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রুকন উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে ঘুষ গ্রহণের অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে ব্যবসাবাণিজ্য শাখার অফিস সহকারী আব্দুল আজিজকে আটক করতে যান দুদক কর্মকর্তারা।
“তাকে আটক করে নিচে নামার সময় ৪র্থ শ্রেণির কর্মচারীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। এ সময় দুদক কর্মকর্তাদের সঙ্গে তারা বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় দুদকের কনস্টেবল মিসবাহ উদ্দিন আহমদ, দুদক সিলেট অঞ্চলের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ ও রনজিত কুমার কর্মকার আহত হয়েছেন।
মিসবাহর কপালে কেটে গেছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ওয়াহিদ মঞ্জুর সোহাগ ও রনজিত কুমার কর্মকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওয়াহিদ মঞ্জুর সোহাগ সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযানে আসলে কার্যালয়ের কর্মচারীরা তাদেরকে মারধর করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে এ ঘটনায় জেলা প্রশাসনের সঙ্গে দুদক বৈঠক করেছে বলে জানান তিনি।
বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতি সিলেটের সভাপতি আফসর আহমেদ বলেন, বিকাল ৫টা থেকে বৈঠক শেষে দুদক কর্মকর্তারা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
বৈঠক চলাকালে আজিজুর রহমান নামের ওই কর্মচারী অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে আফসর জানান।
এদিকে, চতুর্থ শ্রেণির কর্মচারীরা এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন।
