মেয়র মিরুকে বহিষ্কার করল আ. লীগ
সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
সিরাজগঞ্জের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন মিরু। তার সঙ্গে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকেও বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
“বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুধবার আমরা পেয়েছি।”
গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করার পর দুইপক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। ওই সংঘর্ষের সময় শুধু মেয়র মিরু শটগান দিয়ে গুলি করেন বলে পুলিশের ভাষ্য।
ওই মামলায় গত ৫ ফেব্রুয়ারি রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের রাতেই গ্রেপ্তার হয়েছিলেন নাসির।
হাবিবে মিল্লাত বলেন, সাময়িক বহিষ্কার করে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
“নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে এর সপক্ষে জবাব লিখিত আকারে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে পাঠাতে হবে।”
এ নিয়ে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের জরুরি সভা আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
গত ৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভায় মিরু ও নাসিরকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয় বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন জানিয়েছিলেন।
