মাতৃভাষায় বই চায় সাঁওতালরা
প্রাক-প্রাথমিকে মাতৃভাষায় বইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন সাঁওতালরা।
সোমবার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে মানববন্ধন করে সান্তাল লেখক ফোরাম ও আদিবাসী সমন্বয় পরিষদ।
চলতি বছর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পাঁচটি ভাষায় প্রাক প্রাথমিকের বই দেওয়া হলেও তার মধ্যে সাঁওতালদের মাতৃভাষা বই নেই।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বাংলাদেশে বসবাসরত ছয়টি নৃ-গোষ্ঠির শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। সরকারের এই কার্যক্রমের অংশ হিসেবে ২০১৭ সালে পাঁচটি ভাষায় বই দিলেও সান্তালী শিশুদের পাঠ্য পুস্তক রচনার কর্মসূচি স্থগিত করে রাখা হয়।
বাংলা বর্ণমালায় আদিবাসী ভাষায় বই প্রণয়ন না করে সাঁওতালি ভাষায় রোমান হরফে বইয়ে দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেতা প্রভাত টুডু, স্টেফান সরেন, প্রদীপ হেমব্রম, ফিলিপ হেমব্রম, হিংগু মুরমু ও যোগেন্দ্রনাথ সরেন।
সমাবেশ শেষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
