২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 10:09 PM

Updated : 19 Aug 2022, 03:38 PM

সংঘর্ষে আহত ছাত্রলীগকর্মী শাহরিয়ার ইকরাম বাদী হয়ে বুধবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন বলে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান।

আসামিরা হলেন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাকির খান, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক অসীম বিশ্বাস, দপ্তর সম্পাদক মোস্তাক মিয়া, সদস্য মোশারফ হোসেন ও কর্মী আবুল হাসান মোল্লা, মীর রানা, অনিরুদ্ধ দেব রায়।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিবিএ ও আইপিই বিভাগের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায়ের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের মোট আটজন আহত হয়।

মামলার বাদী শাহরিয়ার সহ-সভাপতি অঞ্জন রায়ের অনুসারী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আলমগীর কবির বলেন, প্রথম দুই দফা সংঘর্ষে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত হলেও তৃতীয় দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। 

“দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগের দুপক্ষের অনুসারী হওয়ায় বিষয়টি পলিটিক্যাল হয়ে যায়। আমরা আগামীকাল (বৃহস্পতিবার) বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসব। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে,” বলেন প্রক্টর।

এ ব্যাপারে সঞ্জীবন চক্রবর্তী পার্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে দুটি বিভাগের মধ্যে সংঘর্ষ হলেও পরে ছাত্রলীগ এতে জড়িয়ে পড়ে। যারা সংঘর্ষে জড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অঞ্জন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের একটি অংশ অতর্কিতে তার অনুসারীর উপর হামলা চালিয়েছে। তাদের বিচার হতে হবে।