২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ প্রত‌্যাহারে উদ্বেগ শিক্ষক শ‌্যামল কান্তির

ধর্ম অবমাননার অভিযোগ তুলে নির্যাতনের শিকার হওয়া নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ‌্যামল কান্তি ভক্তের পাহারায় থাকা পুলিশদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 06:09 PM

Updated : 19 Aug 2022, 03:38 PM

বুধবার সকালে পুলিশ প্রত‌্যাহার করায় ‘নিরাপত্তাহীনতার কারণে’ বিদ‌্যালয়ে যেতে পারেননি বলে জানান এই প্রধান শিক্ষক।

পুলিশ প্রত‌্যাহারের বিষয়ে জানতে চাইলে এই শিক্ষকের নিরাপত্তায় এই ব‌্যবস্থার ‘আর প্রয়োজন নেই’ বলে কারণ দেখিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক।

বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি গত বছরের মে মাসে স্থানীয় এমপির উপস্থিতিতে নির্যাতনের শিকার হলে তা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছিল, হস্তক্ষেপ করেছিল উচ্চ আদালতও।  

তখন এই শিক্ষকের নিরাপত্তায় পুলিশ পাহারার ব‌্যবস্থা করেছিলেন পুলিশ সুপার। নগরীর খানপুর এলাকার বাড়ি থেকে পুলিশ পাহারায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল‌্যান্দী গ্রামের বিদ‌্যালয়টিতে যেতেন তিনি।

পুলিশ প্রত‌্যাহারের পর বুধবার বিদ‌্যালয়ে যেতে সাহস পাননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান শ‌্যামল কান্তি।

তিনি বলেন, “গতকাল (মঙ্গলবার) বন্দর থানার এসআই মোখলেছুর রহমান স্কুলে গিয়ে জানান, আজ থেকে আমাকে আর পুলিশ প্রটেশকন দেওয়া হবে না। তিনি আমাকে আর স্কুলে না আসার জন্যও বলেন।

“এতদিন তিন পুলিশ সদস্য এসে আমাকে প্রহরা দিয়ে স্কুলে নিয়ে যেত। কিন্তু আজ (বুধবার) সকালে পুলিশ না আসায় নিরাপত্তাহীনতার কারণে স্কুলে যেতে পারিনি।”

বন্দর থানার এসআই মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি স্কুলে গিয়ে উনাকে (শ্যামল কান্তি) বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আপনাকে আর পুলিশ প্রহরা দেওয়া সম্ভব নয়।”

ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রথমে কল‌্যান্দী গ্রামের একদল লোক মারধর করেছিল প্রধান শিক্ষককে। এরপর স্থানীয় সংসদ সদস‌্য এ কে এম সেলিম ওসমান গিয়ে এই শিক্ষককে সবার সামনে কান ধরিয়ে উঠবস করান।

Image
শিক্ষকের অপমানে শিক্ষার্থীদের এরকম প্রতিবাদ তখন হয়েছিল দেশজুড়ে

শিক্ষকের অপমানে শিক্ষার্থীদের এরকম প্রতিবাদ তখন হয়েছিল দেশজুড়ে

এরপর প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন শ‌্যামল কান্তি। নারায়ণগঞ্জ শহরের বাসায় ফেরার পরও নিরাপত্তা ছিল।

শ‌্যামল কান্তি বলেন, “দিনের বেলায় পুলিশের তিন সদস্য এবং রাতের বেলায় ছয় সদস্য আমাকে ও আমারে স্ত্রী-কন্যাদের নিরাপত্তা দিত। তিন পুলিশ সদস্য আমাকে প্রহরা দিয়ে স্কুলে নিয়ে যেত।”

এই বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মঈনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, আপাতত এই প্রধান শিক্ষকের পাহারায় পুলিশ রাখার প্রয়োজন দেখছেন না তারা।

“হাই কোর্টেও প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাই এখন আর তার পুলিশ প্রহরা থাকার প্রয়োজন নেই।”

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান দেখান ভিন্ন কারণ, যার থানা এলাকায় ওই শিক্ষকের বাড়ি।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পুলিশ ফোর্স নিয়োজিত থাকায় এই মুহূর্তে ফোর্সের সংকট রয়েছে। তাই শ্যামল কান্তি ভক্তের পুলিশ প্রহরা প্রত্যাহার করা হয়েছে।”

২৪ ঘণ্টার পাহারা সরানো হলেও পুলিশ শ‌্যামল কান্তির নিরাপত্তার দিকে দৃষ্টি রাখছে বলে জানান ওসি।

গত বছরের ১৩ মে শ‌্যামল কান্তিকে নির্যাতনের ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হলে ১৮ মে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল।

Image
সেলিম ওসমান নির্দেশ দিচ্ছেন ওই স্কুল শিক্ষককে কান ধরে উঠ-বস করতে

সেলিম ওসমান নির্দেশ দিচ্ছেন ওই স্কুল শিক্ষককে কান ধরে উঠ-বস করতে

রুলে সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়।

আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের পুলিশ একটি প্রতিবেদন দিলেও ‘সেলিম ওসমানকে ছাড় দিয়ে দায়সারা’ ওই প্রতিবেদন প্রত‌্যাখ‌্যান করে ১০ আগস্ট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট।

শ্যামল কান্তিকে কানধরে উঠ-বসের ঘটনায় সেলিম ওসমান জড়িত কি না- তা খতিয়ে দেখে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে ৩ নভেম্বরে মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় ওই আদেশে।    

বিচার বিভাগীয় তদন্তে সংসদ সদস্য সেলিম ওসমানের সম্পৃক্ততা পাওয়া যাওয়ার পর ওই ঘটনায় করা সাধারণ ডায়েরিটি নারায়ণগঞ্জ থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর নির্দেশ দেয় হাই কোর্ট।

পুরনো খবর:

না’গঞ্জে শিক্ষককে কান ধরিয়ে উঠবস: তদন্তে কমিটি
‘স্যরি স্যার’
শিক্ষক লাঞ্ছনা: এমপি সেলিম ওসমানের দোষ পায়নি পুলিশ