ময়মনসিংহে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
জমির বিরোধে চার বছর আগে বাবাকে হত্যার মামলায় ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
ময়মনসিংহের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ শাহরিয়ার কবির মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুপ্তেরগাঁও গ্রামের ইমান আলী (৭৫) মসজিদের জন্য সাত শতক জমি দান করেন। তার ছেলে আনোয়ার হোসেন (৪৪) তা মানতে না পেরে বাবার সঙ্গে বিরোধে জড়ান।
আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম চুন্নু বলেন, ওই বিরোধের জেরে ২০১৩ সালের ৪ জানুয়ারি রাতে আনোয়ার পেছন থেকে ছুরি মেরে ইমান আলীকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
নিহত ইমানের বড় ছেলে জবান আলী এর দুই দিন পরে মামলা দায়ের করেন।
আসামির আইনজীবী নজরুল বলেন, মামলায় বাদীসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন বিচারক শাহরিয়ার কবির।
আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে কিনা তা এখনও জানাতে পারেননি আসামির আইনজীবী নজরুল।
(সংশোধিত)
