ভোট চলছে টাঙ্গাইলে
আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের পর প্রায় দেড় বছর শূন্য থাকা টাঙ্গাইল-৪ আসনে (কালিহাতী) নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ১০৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা।
টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের সদস্য লতিফ সিদ্দিকী দল থেকে বহিষ্কৃত হয়ে সাংসদ পদ ছাড়তে বাধ্য হওয়ার পর তার ভাই সাবেক সাংসদ কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বিতার চেষ্টাও ব্যর্থ হয়ে যায় মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে।
শেষ পর্যন্ত উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন তিনজন। আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাছান ইমান খাঁন দলীয় প্রতীক নৌকা নিয়ে, বিএনএফের আতাউর রহমান খান টেলিভিশন প্রতীকে এবং এনপিপির ইমরুল কায়েস লড়ছেন আম প্রতীক নিয়ে।
এই আসনে মোট ভোটার তিন লাখ সাত হাজার ৭৭০ জন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম হওয়ায় এবং ক্ষমতাসীনদের বিপরীতে বড় কোনো রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় ভোটের হার কম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গেল বছর ময়মনসিংহ-১ উপ নির্বাচনে প্রায় ৫২ শতাংশ, ময়মনসিংহ-৩ আসনে প্রায় ৫৬ শতাংশ ভোট পড়ে। তবে ২০১৫ সালে মাগুরা-১ উপ নির্বাচনে ভোট পড়েছিল মাত্র ৩৩ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাপক জনসচেতনতা ও প্রচারণামূলক কাজ করেছি। আশা করি, পর্যাপ্ত সংখ্যক ভোটার থাকবে।”
এ কর্মকর্তা জানান, প্রতিটি ভোটকেন্দ্রের দায়িত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্য মোতায়েন রাখা হয়েছে। মাঠে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী হাকিমের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সও রয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি হন লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্য করে সমালোচনার মধ্যে তাকে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারাতে হয়।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
এ আসনে উপ নির্বাচনের জন্য ২০১৫ সালের ২৮ অক্টোবর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করলেও লতিফের ভাই কাদের সিদ্দিকীর রিট আবেদনে ভোট আটকে যায়।
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিল গত ১৮ জানুয়ারি আপিল বিভাগে খারিজ হয়ে গেলে এক বছরের বেশি সময় পর ভোটের বাধা কাটে।
