লতিফ সিদ্দিকীর আসনে ভোট ৩১ জানুয়ারি
আইনি জটিলতা কেটে যাওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ভোটগ্রহণ হবে।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় উপ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। এজন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।”
এ আসনে উপ নির্বাচনের জন্য ২০১৫ সালের ২৮ অক্টোবর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করলেও লতিফের ভাই কাদের সিদ্দিকীর রিট আবেদনে ভোট আটকে যায়।
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিল গত ১৮ জানুয়ারি আপিল বিভাগে খারিজ হয়ে গেলে এক বছরের বেশি সময় পর ভোটের বাধা কাটে।
ফরহাদ আহাম্মদ খান জানান, এ উপ নির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। ভোটের সবধরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
দশম সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্য করে সমালোচনার মধ্যে তাকে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারাতে হয়।
শেষ পর্যন্ত ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
এরপর নির্বাচন কমিশন (ইসি) টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে অন্য দলের পাশাপাশি কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এর বিরুদ্ধে ইসিতে আপিল করলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে তার মনোনয়নপত্র বাতিলের চূড়ান্ত রায় দেয়।
এরপর নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। গত বছরের ৪ ফেব্রুয়ারি হাই কোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই বৈধতা দেয়।
কাদের সিদ্দিকী হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গেলেও সর্বোচ্চ আদালতের রায় তার বিপক্ষে যায়।
