২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার আট বছর পর এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 07:48 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

সোমবার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডিত রোকনুজ্জামান যশোরের ঝিকরগাছা উপজেলার আটুলিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের নভেম্বরে রোকনুজ্জামান চৌগাছার মোক্তারপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে নাজমা খাতুনকে বিয়ে করেন। তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। এর জেরে বিয়ের আড়াই মাসের মাথায় ২০০৯ সালের ২২ জানুয়ারি রাতে রোকনুজ্জামান স্ত্রী নাজমাকে শ্বাসরোধে হত্যার পর গোয়াল ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন।

আদালতের বিশেষ পিপি এসএম বদরুজ্জামান পলাশ জানান, এ ঘটনায় নাজামার বাবা আব্দুস সালাম তিন জনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

“এরপর পুলিশ নিহতের স্বামী রোকনুজ্জামানকে আটক করে। রোকনুজ্জামান হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।”

পিপি আরও জানান, ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা এসআই মারুফ রহমান রোকনুজ্জামানকে আসামি করে অভিযোগপত্র দেন। পরে মামলার পুনঃতদন্ত করে অভিযোগপত্র দেন এসআই দিলীপ কুমার বিশ্বাস।