ত্যাগীদের ভালোবাসুন: কাদের
দলের ত্যাগী নেতাদের ভালোবেসে কাছে টেনে আনার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সিরাজগঞ্জে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। ভদ্র ও শিক্ষিত লোকদের দিয়ে কমিটি করুন। যারা অভিমান করে দূরে সরে গেছে তাদের দলে ভেড়ান, তাহলেই আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা সম্ভব।
“মনে রাখবেন, বাগানের ফুল শুকিয়ে যায়, ভালোবাসার ফুল কখনও শুকায় না। তাই কর্মীদের ভালোবাসা আদায়ের চেষ্টা করুন। তাদের ভালোবাসুন।”
জেলার সব কমিটি পূর্ণাঙ্গ করারও পরামর্শ দেন তিনি।
“দলের ত্যাগী ও পরীক্ষিতদের দিয়ে কমিটি করুন। পকেট কমিটি না করে স্ব-স্ব এলাকায় গিয়ে ত্যাগীদের দিয়ে কমিটি গঠন করুন।”
বক্তব্যের মাঝে বিএনপির সমালোচনা করতে ছাড়েননি এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা ঘরে বসে শুধু নালিশ করে যাচ্ছে। তারা শুধু আন্দোলনের ডাক দেয় আর বলে, কোরবানির পরে, পরীক্ষার পরে। এ বছর নয়, সামনে বছর আন্দোলনের জন্য মাঠে নামব। কিন্তু মাঠে নামে না, শুধু ঘরেই বসে থাকে। যদি তাদের কেন্দ্রীয় কমিটির ৫৮৬ জনও মাঠে নামত তবু বলতাম তারা মাঠে আছে।”
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সংযোগ সড়কের কড্ডা মোড়ে এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নাসহ অনেকে বক্তব্য দেন।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ বুলবুল।
