সিলেটে রাগীবের মামলায় যুক্তিতর্ক পেছাল
ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির ঘটনায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় যুক্তিতর্ক শুরুর দিন পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি ঠিক করে দিয়েছে আদালত।
এপিপি রাশিদা সাইদা খানম জানান, সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো ছুটিতে থাকায় যুক্তিতর্ক পিছিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সিলেটের মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দিকী বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে যুক্তিতর্ক উপস্থাপনের নতুন দিন ১ ফেব্রুয়ারি ঠিক করে দেন।
গত বছরের ১৪ ডিসেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
সিলেটে ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগানের পুরোটাই দেবোত্তর সম্পত্তি। হাজার কোটি টাকার এই সম্পত্তি অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ এনে একটি আত্মসাৎ মামলা হয় রাগীব আলীসহ ছয়জনের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, আসামিরা ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগান দখল করেন।
রাগীব ছাড়া অন্য পাঁচ আসামি হলেন - তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত, রাগীবের আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, রাগীবের ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদির।
এছাড়া আত্মসাতের প্রক্রিয়ায় রাগীব ও তার ছেলে আব্দুল হাই ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জাল করেন বলে অভিযোগ এনে একটি স্মারক জালিয়াতির মামলা হয়।
স্মারক জালিয়াতির মামলায় যুক্তিতর্ক পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি করা হল। ভূমি আত্মসাতের মামলায় এখনও সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি।
আসামিদের মধ্যে রাগীব আলী, আবদুল হাই ও মোস্তাক মজিদ আটক রয়েছেন। জামিনে আছেন সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত। আর রাগীবের জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা পলাতক।
১৯৯৯ সালের ২৫ অগাস্ট ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তারাপুর চা-বাগান নিয়ে বিশেষ আলোচনার পর মামলার সিদ্ধান্ত হয়।
২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর আত্মসাতের মামলা হয় কোতোয়ালি থানায়।
২০১৬ সালের ১০ জুলাই দুটি মামলায়ই আদালতে অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান। এরপর ১০ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ওই দিনই বিকেলে সপরিবার ভারতে পালিয়ে যান রাগীব আলী। এরপর ২৪ নভেম্বর ভারতে গ্রেপ্তারের পর রাগীব আলীকে দেশে এনে কারাগারে পাঠানো হয়।
