রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ মামলায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলীসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মহানগর আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, বিচারক সাইফুজ্জামান হিরো রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেও বাদীর সাক্ষ্য গ্রহণের দিন এখনও ঠিক করা হয়নি।
“সিলেট মহানগর দায়রা জজ আদালত রাগীব আলীর জামিন আবেদন শুনানির জন্য মুখ্য মহানগর হাকিম আদালতের কাছে মামলার নথি চেয়েছে। নথিটি অবিলম্বে পাঠানোর কথা। নথি ফেরত আসার পর বাদীর সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করা হবে।”
সিলেটের তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে রাগীব আলীসহ ছয়জনের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, আসামিরা ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগানটির দখল নেন। ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগানের পুরোটাই দেবোত্তর সম্পত্তি। আত্মসাতের প্রক্রিয়ায় আসামিরা ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জাল করেন।
রাগীব ছাড়া অন্য পাঁচজন হলেন তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, রাগীব আলীর ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদির।
মামলায় সিলেটের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সাড়ে তিন মাস ধরে রাগীব আলী ভারতে পালিয়ে ছিলেন। ২৪ নভেম্বর সেদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠায়। তার ছেলে আবদুল হাই এবং মোস্তাক মজিদও আটক রয়েছেন। জামিনে আছেন সেবায়েত পংকজ কুমার গুপ্ত। আর রাগীবের জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা পলাতক।
এছাড়া রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলা বিচারাধীন হয়েছে। এ মামলায় ইতোমধ্যেই ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
গত ১০ জুলাই দুটি মামলায়ই আদালতে অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান।
