ময়মনসিংহে দিনমজুরকে খোঁয়াড়ে আটকে রাখার অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে মারধর করার পর গরু-ছাগলের খোঁয়াড়ে আটকে রাখার অভিযোগ উঠেছে।
উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়ানবাড়ি গ্রামের সেলিম রেজার ও তার পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ করেন একই গ্রামের আব্দুল কুদ্দুস (৫৫)।
ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, এ ঘটনায় গত সোমবার কুদ্দুস নিজে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা জামিনে রয়েছেন।
কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের শামসুল আলম কালুর পরিবারের সঙ্গে সেলিম রেজার পরিবারের একটি জমি নিয়ে দ্বন্দ্ব চলছে।
“ওই জমি আমরা শামসুল আলমের বলে জানি। আমরা কয়েকজন শামসুলের মজুর হিসেবে ওই জমিতে কাজ করতে গেলে হুমকি দেন সেলিম ও তার লোকজন।”
এর পরদিন সকালে স্থানীয় বাংলাবাজারে সেলিম ও তার লোকজন কুদ্দুসের ওপর চড়াও হয় বলে তার অভিযোগ।
“সেলিম ও তার লোকজন আমার কলার ধরে টেনে নিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালিত গরু-ছাগলের খোঁয়াড়ে আটকে রাখে। চড়থাপড় দেয়।”
দেড় ঘণ্টা পরে ইউনিয়ন পরিষদ সদস্য শাহজাহান মিয়া গিয়ে তাকে উদ্ধার করেন বলে তিনি জানান।
শাহজাহান বলেন, “আমি এর আগে কোনো দিন দেখিনি যে একজন মানুষকে গরু-ছাগলের খোঁয়াড়ে আটকে রাখা হয়েছে। এ ঘটনার বিচার হওয়া উচিত।”
এ বিষয়ে জমির মালিক দাবিদার শামসুল আলম বলেন, “স্থানীয় চেয়ারম্যান দুই পক্ষকে ডেকে নিয়ে দ্বন্দ্ব মিটিয়ে দিলেও আমাদের তিনটি পুকুর এখনও দখল করে আছে সেলিম রেজা পরিবার।
“তারা এলাকার সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় কুদ্দুসের ওপরও এ রকম নির্যাতন করা হল।”
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই সেলিম রেজা পরিবারের সদস্য সেলিম রেজার ভাই মাসুদ রানা অভিযোগ স্বীকার করেছেন।
তিনি বলেন, “কুদ্দুস আমাদের সাথে গরু-ছাগলের মতো আচরণ করায় তাকে খোঁয়াড়ে আটকে রাখা হয়।”
শামসুল আলমের তিনটি পুকুর দখলে রাখার বিষয়ে তিনি বলেন, “জমি নিয়ে মামলা চলছে।”
