২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাফির ‘ভিডিও লাইভ’-এর ঘটনায় মামলা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু ওবাইদা শাফির ‘লাইভ ভিডিও’র ঘটনায় মামলা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 12:25 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

খোকসা থানার ওসি নাজমুল হুদা জানান, বুধবার রাত সাড়ে ১১টায় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফের খালাত ভাই ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় শাফিকে প্রধানসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সোমবার রাতে শাফিসহ একদল লোক সংসদ সদস্য আব্দুর রউফকে ‘দাবড়ানোর’ জন‌্য খোকসা বাজারে অবস্থান নেন। এক ভিডিওতে দেখা যায়, শাফি অন্য কাউকে বলছেন, “এখানে এমপিকে খোঁজা হচ্ছে, তাকে দাবড়ানো হবি। না পেয়ে ২০০ লোক নিয়ে রাস্তায় অবস্থান করছি। আমার ফেসবুকে লাইভে দেখাচ্ছি, দেখেন।”

এমন ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় তোলপাড় শুরু হয়।

কয়েক মাস আগে শাফিকে উপজেলা কমিটির আহ্বায়ক করে জেলা যুবলীগ। গত ৯ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি আল মাসুম মোর্শেদ শান্তকে আহ্বায়ক করে ২১ সদস্যের উপজেলা যুবলীগের অনুমোদন দেয়। কমিটিতে বাদ পড়েন শাফি ও তার অনুসারীরা।

এ কারণে ক্ষুব্ধ হয়ে শাফি এ ঘটনা ঘটিয়েছেন বলে নতুন কমিটির নেতাদের ধারণা।