ভাষা সৈনিক মির্জা আনোয়ারুল ইসলাম তানুর মৃত্যু
মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক মির্জা আনোয়ারুল ইসলাম তানু মারা গেছেন।
বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন এ মুক্তিযোদ্ধার স্ত্রী কোহিনুর ইসলাম।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
কোহিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ট্রেলিয়া প্রবাসী ও নিউইয়র্ক প্রবাসী ছেলে দেশে ফেরার পর দাফন করা হবে এ ভাষা সৈনিককে।
সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুরের আহ্বায়ক একে আজাদ বলেন, মির্জা আনোয়ারুল ইসলাম তানু ভাষা আন্দোলনসহ ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেন।
“এছাড়া ১৯৭১ সালে ন্যাপ কমিউিনিস্ট ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।”
১৯৯৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুরে সভাপতি এবং দলটির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন বলে জানিয়েছেন সিপিবি জেলা সভাপিত আলতাফ হোসাইন।
তাছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং নাট্য সমিতির দিনাজপুরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
শোক প্রকাশ
মির্জা আনোয়ারুল ইসলাম তানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় তিনি বলেন, “দিনাজপুর কমিউনিস্ট পার্টির নেতা সাংস্কৃতিককর্মী
সমাজ সেবক আনোয়ারুল ইসলাম তানুর মৃত্যতে দেশবাসীর সাথে আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। তার এই মৃত্যুতে দেশ একজন রাজনীতিককে হারাল।”
ফখরুল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখা তার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে।
