পঞ্চগড়ে ‘সড়ক দুর্ঘটনায়’ মা-ছেলে নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একটি রাস্তা থেকে স্ত্রী-পুত্রের লাশসহ এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ; ঘটনাস্থলে পাওয়া গেছে তাদের অক্ষত মোটরসাইকেল।
পঞ্চগড় সদর থানার এসআই সাজু মিয়া জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কের সাড়ে নয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়ন্তী রানী (৩০) ও তার ছেলে নারায়ণ (২)।
জয়ন্তী পঞ্চগড় বোদা উপজেলার ব্যাঙহারি বনগ্রাম ইউনিয়নের পুঁটিমারি গ্রামের শীতেন্দ্রনাথের (৪০) স্ত্রী।
এসআই সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতেন্দ্রনাথ পল্লী দারিদ্র্য বিমোচন প্রকল্পে তেঁতুলিয়ায় চাকরি করেন। তিনি সোমবার রাতে সপরিবার বাড়ি থেকে তেঁতুলিয়া যাচ্ছিলেন।
“এ সময় সম্ভবত কোনো ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”
বস্তুত কখন, কী ঘটেছে পুলিশ সেসব তদন্ত করছে বলে জানান এসআই সাজু।
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক রাজিউল করিম জানান, শিশুটির গায়ে আঘাতের চিহ্ন ও রক্ত দেখা গেছে। নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মরিয়ম বেগম জানান, শীতেন্দ্রনাথকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়। মঙ্গলবার সকালেও তার জ্ঞান না ফেরায় স্বজনরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বীপেনচন্দ্র রায় বলেন, “আমরা রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলের কাছে ভজনপুর এলাকায় অনুষ্ঠানে যাচ্ছিলাম।
“পথে জয়ন্তী ও শিশু নারায়ণের লাশ, অচেতন শীতেন্দ্রনাথ ও তাদের মোটরসাইকেল পড়ে থাকতে দেখি। কখন কী ঘটেছে সে সম্পর্কে ওই এলাকার কেউ কিছু বলতে পারেনি।”
শীতেন্দ্রনাথের পরিবার দীপেনচন্দ্রের পূর্বপরিচিত বলে তিনি জানান।
