২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গঠনতন্ত্র জটিলতায় শাবি শিক্ষক সমিতি নির্বাচন স্থগিত

গঠনতন্ত্রের জটিলতার কারণে একদিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 07:19 PM

Updated : 11 Apr 2022, 10:50 PM

বুধবার এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মুশতাক আহমদ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শিক্ষক সমিতির নির্বাচনের দিন ধার্য ছিল।  

বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী গঠনতন্ত্র থেকে জানা যায়, মনোনয়নপত্র বাছাই বিধির ৩ নম্বর উপবিধিতে একজন সদস্য একটি পদের জন্য মনোয়নয়পত্র দাখিল করতে পারবেন বলা হয়। আবার একই উপবিধির পরের অংশে একই সদস্য একাধিক পদের জন্য মনোনয়নপত্র দাখিল করতে পারবেন বলা আছে।

সে অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন একটি পদ রেখে বাকি পদগুলো থেকে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তার সকল পদের প্রার্থিতা বাতিলের কথাও উল্লেখ আছে।

নির্বাচন কমিশনার মুশতাক বলেন, এর মধ্যে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেলটি একটি পদের জন্য একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়।

এটি নির্বাচনী বিধিবহির্ভূত বলে অভিযোগ তোলেন আওয়ামী সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী ও বর্তমান কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম। এরপর ৩ নম্বর উপবিধিতে অসংগতির বিষয়টি সামনে আসে বলে জানান তিনি।

“গঠনতন্ত্রের বিধি-উপবিধির জটিলতার কারণে বৃহস্পতিবারের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।”

আগামী ৩০ জানুয়ারি আহ্বান করা শিক্ষক সমিতির সাধারণ সভায় নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান কমিশনার মুশতাক।