মোবাইল ফোনের জন্য স্কুলছাত্রকে হত্যা, বন্ধু আটক
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ধানক্ষেত থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে; মোবাইল ফোনের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার দুপুরে উপজেলার নান্দিয়াসাংগুন এলাকায় তার লাশ পাওয়া যায় বলে জানান শ্রীপুর থানার এসআই বিনয় কুমার।
নিহত হিমেল (১৩) ময়মনসিংহের গফরগাঁওয়ে মুথার চর গ্রামের দুবাই প্রবাসী কাজল মিয়ার ছেলে। নান্দিয়াসাংগুন এলাকায় নানা আবু তালেবের বাড়িতে থেকে স্থানীয় বিডি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করত সে।
এ ঘটনায় হিমেলের এক বন্ধুকে আটক করা হয়েছে। সে অপ্রাপ্তবয়স্ক (১৫) হওয়ায় তার নাম পরিচয় প্রকাশ করা হলো না।
এসআই বিনয় কুমার বলেন, সোমবার সন্ধ্যায় কে বা কারা মোবাইল ফোনে কল করে হিমেলকে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফিরেনি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
হিমেলের খালা ফাতেমা বলেন, “রাতে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও হিমেলের সন্ধান পাওয়া যায়নি। সকাল ১০টার দিকে বাড়ির কাছে একটি ধান ক্ষেতে কাদার মধ্যে লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে হিমেলের লাশ দেখতে পাই।”
তবে তার ফোনটি পাওয়া যায়নি বলে জানান তিনি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে হিমেলের এক বন্ধুকে আটক করা হয়েছে। বিদেশ থেকে তার বাবার পাঠানো দামি ফোনটি ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
