বিএনপিকে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ বলে কটাক্ষ কাদেরের
বিএনপির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ রাখা উচিত বলে কটাক্ষ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুরে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন কটাক্ষ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। আসলে তারা সত্য খুঁজে পায় না। তাই তাদের নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত।”
তাদের নালিশ করা ছাড়া আর কিছুই নেই মন্তব্য করে তিনি বলেন, “তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে।”
কাদের বলেন, “বিএনপি কর্মসূচি দেয় কিন্তু নেতারা ঘরে শুয়ে শুয়ে হিন্দি সিরিয়াল দেখে। তারা কেউ বাইরে যায় না, রাস্তায় বের হয় না।”
“তাহলে কর্মীরা কী করে আন্দোলনে শরীক হবে?।”
নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচার বিভাগ যে স্বাধীন তার প্রমাণ দিয়েছে সরকার।
এর আগে হেমায়েতপুর সড়ক প্রশস্তকরণসহ একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন ওবায়দুল কাদের।
এদিকে ফিটনেসবিহীন যানবাহন চালানোর অভিযোগে সাত চালককে ১৫ দিন করে কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান।
পরে মন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনের যাত্রীদের লিফলেট বিলি করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাভারের সংসদ সদস্য এনামুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
