ফাঁসির রায়ের পর ফের কাশিমপুরে নূর হোসেনরা
সাত খুনের দায়ে ফাঁসির রায়ের পর নূর হোসেন ও র্যাবের বরখাস্ত চার সদস্যকে ফের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।
সোমবার বিকালে তারা সেখানে পৌঁছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
অপর চারজন হলেন র্যাবের বরখাস্ত চার সদস্য লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা ও ল্যান্স নায়েক বেলাল হোসেন।
সকালে দুইটি প্রিজন ভ্যানে করে কড়া প্রহরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
আলোচিত সাত খুনের মামলায় সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ওই পাঁচ জনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
রায় ঘোষণার সময় এই পাঁচ জনসহ ২৩ জন উপস্থিত ছিলেন। ১২ জন পলাতক রয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা বলেন, আদালতে হাজিরার উদ্দেশ্যে সকাল ৭টার দিকে ওই মামলার আসামি এ কারাগারের বন্দি আরিফ হোসেন ও মাসুদ রানাকে নারায়গঞ্জে পাঠানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির উদ্দিন বলেন, তার কারাগার থেকে তারেক সাঈদ মোহাম্মদ, বেলাল হোসেন ও সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে নারায়ণগঞ্জে পাঠানো হয়েছিল।
বিকাল সোয়া ৫টার দিকে তারা এ কারাগারে ফিরে আসেন বলে জানান নাশির।
