বগুড়ায় গয়নার দোকানে ডাকাতির ঘটনায় মামলা
বগুড়ায় গয়নার দোকানে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।
শনিবার রাতে দোকান মালিক গোলজার হোসেন বাদী হয়ে মামলাটি করেন বলে বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান।
ঘটনার সময় আটক আলমগীর হোসেনসহ মামলায় ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় শহরের মেরিনা রোড়ে আল হাসান জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গুলি ও হাতবোমা ফাটিয়ে নগদ পাঁচ লাখ টাকাসহ ৫০০ ভরি স্বর্ণাংলকার লুট করে নিয়ে যায়।
এ সময় গুলিবিদ্ধ হন দোকান মালিক গোলজার হোসেন। তাছাড়া হাতবোমার বিস্ফোরণে দুই পথচারী আহত হন।
ওসি বলেন, ডাকাতির এক ঘণ্টার মধ্যে পুলিশ চারদিকে চেকপোস্ট বসিয়ে নয়মাইল এলাকা থেকে মাইক্রোবাসসহ গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সদস্য আলমগীর হোসেনকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে।
গ্রেপ্তার আলমগীরের স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
