২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ তীরে মানুষের ঢল

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীর তুরাগতীরের পথে শুরু হয়েছে মানুষের ঢল।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 09:49 AM

Updated : 11 Oct 2022, 01:20 PM

রোববার বেলা ১১টার দিকে বিশ্ব শান্তি কামনায় এই মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তিন দিনের ইজতেমার প্রথম পর্ব।

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মোনাজাতে অংশ নিতে পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছাচ্ছে মানুষ।

পাশাপাশি কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাজুখান ব্রিজ থেকে স্টেশনরোড ওভারব্রিজ এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু টেক্সটাইরের গেইট পর্যন্ত সড়কেও যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। গাজীপুর-ঢাকা গাড়ি চলাচলে বিকল্প পথ ধরতে হচ্ছে সবাইকে।

ইজতেমা মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, সকাল সোয়া ৮টার দিকে ইজতেমা ময়দানে শুরু হয়েছে হেদায়েতি বয়ান। সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হবে আখেরি মোনাজাত।

এবারও আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের মারকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ। মোনাজাতে অংশ নিতে ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সকাল সাড়ে ৯টার আগেই।

ভোগড়া বাইপাস এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম জানান, আখেরি মোনাজাতে অংশ নিতে ভোররাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। চৌরস্তার পর থেকে গাড়ি চলতে না দেওয়ায় পায়ে হেঁটে রওনা হয়েছেন।

আখেরি মোনাজাতের পর সবাই বাড়ি ফেরা পর্যন্ত ছয় হাজারের বেশি পুলিশ সদস‌্য ইজতেমা মাঠের আশপাশে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানিয়েছেন।

আরও একজনের মৃত্যু

বিশ্ব ইজতেমার মাসলাহাল জামাতের আমির আদম আলী জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইজতেমায় আসা এক ব‌্যক্তির মৃত্যু হয়েছে।

বেদন মিয়া (৬০) নামের ওই ব‌্যক্তি ঢাকার সবুজবাগের কদমতলা এলাকার গফুর উদ্দিনের ছেলে। এ নিয়ে এবারের ইজতেমার প্রথম দফায় মোট আটজনের মৃত্যু হল।

চার দিন বিরতি দিয়ে আবার ২০ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২২জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যামে শেষ হবে বিশ্ব তাবলিক জামাতের এই বার্ষিক সম্মিলন।