২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ২ ব্যক্তিকে পুলিশ পরিচয়ে ধরে নেওয়ার অভিযোগ

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যে গাইবান্ধায় দুই ব্যক্তিকে পুলিশ পরিচয় ধরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 08:34 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, ওই দুই ব্যক্তির সন্ধানে কাজ করছে তারা।

এরা হলেন, সাদুল্লাপুর উপজেলার প্রতাপ গ্রামের মফিজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম রতন ও সুন্দরগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে সাইফুল ইসলাম।

রতনের ভাই নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামে এক আত্নীয়ের বাড়ি থেকে আমার বড় ভাই মনিরুল ইসলাম রতনকে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে গেছে।

“থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু পুলিশ বলছে অপেক্ষা করেন।”

সাইফুলের স্ত্রী হালিমা বেগমের অভিযোগ, তার স্বামীকে ১০ জানুয়ারি পুলিশ পরিচয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।

“এখনও তার খোঁজ মিলছে না। দেখতে না দেক। শুধু জানতে চাই তিনি এখন কোথায় আছেন।”

ওই দুইজনের ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস ও সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, স্বজনদের অভিযোগ পাওয়ার পর তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

গত ১১ জানুয়ারি থেকে সাদুল্লাপুর উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের চার নেতাকে নিখোঁজ রয়েছেন বলে  দাবি তাদের পরিবার ও সংগঠনের।

ওই চারজনের সন্ধান চেয়ে বুধবার সাদুল্লাপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী।

পুরনো খবর:

যুবলীগ নেতাসহ নিখোঁজদের সন্ধান দাবিতে সাদুল্লাপুরে অবরোধ
সাদুল্লাপুরে আ. লীগ-যুবলীগ নেতাসহ নিখোঁজ ৪