২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতাসহ নিখোঁজদের সন্ধান দাবিতে সাদুল্লাপুরে অবরোধ

নিখোঁজ হওয়ার চারদিন পরেও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের চার নেতার খোঁজ পাওয়ায় রেলপথ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 09:14 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

বৃহস্পতিবার বেলা ১২টায় এলাকাবাসী উপজেলার নলডাঙ্গায় রেলস্টেশনে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিহাটগামী পদ্মরাগ ট্রেনটি নলডাঙ্গা রেল স্টেশনে আটকে রাখে।

তাছাড়া তারা নলডাঙ্গা-সাদুল্লাপুর, নলডাঙ্গা-বামনডাঙ্গাসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আধাঘণ্টা পর রেল ও যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস।

গত সোমবার রাত ও মঙ্গলবার থেকে সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মণ্ডল (৪০), দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক (৩৫), নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স (৩০) ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলাকে (৩২) পাওয়া যাচ্ছে বলে অভিযোগ পরিবার ও দলের নেতাকর্মীদের।   

এ ঘটনায় বুধবার চারজনের পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে জীম মণ্ডলের স্ত্রী লাভলী বেগম বলেন, “বুধবার দুপুরে তিনটি মোবাইল ফোন নম্বর থেকে তাদের কাছে ফোন করে জীমকে ফিরে দিতে বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা দাবি করা হয়েছে। পরে মোবাইল নম্বরসহ বিষয়টি পুলিশ ও র‌্যাবকে জানানো হয়েছে।

ওসি ইমরুল কায়েস বলেন, অভিযোগ পাওয়ার পর তাদের সন্ধ্যান পেতে কাজ শুরু করা হয়েছে। মোবাইল ফোনে টাকা দাবি করা নম্বর তিনটি ট্র্যাকিং করে তাদের সম্পর্কে খোঁজ খবরও নেওয়া হচ্ছে।