২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লিটন হত্যা: ঢাকায় গ্রেপ্তার ২ জন সুন্দরগঞ্জে

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার দুই ‘সন্দেহভাজনকে’ গাইবান্ধায় আনা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 06:56 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, শুক্রবার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজি ইউনুস আলীর ছেলে আশরাফুল ইসলাম ও তার সহযোগী জহুরুল ইসলামকে ঢাকা থেকে গাইবান্ধা আনা হয়েছে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।

গত বৃহস্পতিবার ঢাকার বাড্ডা থেকে র‌্যাব আশরাফুল ও জহুরুলকে গ্রেপ্তার করেছে। তাদের লিটন হত্যায় ‘প্রধান সন্দেহভাজন’ বলে উল্লেখ করেছে র‌্যাব।

নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা বলেন, লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত কালো রংয়ের পালসার মোটরসাইকেলটি পুলিশ সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় খুঁজেছে। ওই মোটরসাইকেলটি আশরাফুল ইসলামের বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

ওই কর্মকর্তা আরও বলেন, ইউনুস আলীর ছেলে আশরাফুল ঢাকার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সাভারের আশুলিয়া ক্যাম্পাসে বিবিএতে পড়াশোনা করেন। লিটন হত্যার আগের দিন আশরাফুল ও জহুরুল কালো রংয়ের মোটরসাইকেল নিয়ে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন বলে খবর পাওয়া গেছে।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হয় সাংসদ লিটনকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

লিটন হত্যার ঘটনায় এর আগে দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ‌্যে সুন্দরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ, সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চলের জামায়াত আমীর সাইফুল ইসলাম মণ্ডলও রয়েছেন।

পুরনো খবর:

এমপি লিটন হত্যা: শিবিরনেতাসহ আটক ২
এমপি লিটন হত্যা: জামায়াত নেতার ছেলেসহ দুইজন ঢাকায় গ্রেপ্তার