২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ২ খুন  

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 05:52 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

বুধবার নগরবোয়ালিয়া ও সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান।

নিহতরা হলেন সাহেবনগর গ্রামের মৃত আজমত আলীর ছেলে কলম হোসেন (৩৮) ও নগরবোয়ালিয়া গ্রামের কিতাব আলীর ছেলে নজরুল ইসলাম (৫৫)।

পুলিশ কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, বেলা ১২টার দিকে সাহেবনগর গ্রামে জমির আইল কাটা নিয়ে কমলের সঙ্গে তার ছোট ভাই লালনের সংঘর্ষ বাধে।

“এ সময় লালন কোদাল দিয়ে কমলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পরিদর্শক বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে রাস্তা তৈরির বিরোধের জেরে নগরবোয়ালিয়া গ্রামের স্থানীয় ফড়িং মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম ও তার বাড়ির লোকজনের সঙ্গে প্রতিবেশী নজরুলের সংঘর্ষ হয়।

“এ সময় শরিফুল ও তার বড়ির লোকজনের মারধরে গুরুতর আহত হন নজরুল।তাকে আলমডাঙ্গার হারদী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।