দিনাজপুরে ভগ্নিপতিকে হত্যার অভিযোগ, শ্যালক আটক
দিনাজপুরের বিরল উপজেলায় ভগ্নিপতিকে লোহার রডের আঘাতে হত্যার অভিযোগে শ্যালককে আটক করেছে পুলিশ।
নিহত মনোয়ার হোসেন (৩৫) উপজেলার ধামইর গ্রামের শামসুল হকের ছেলে। আটক সফিকুল ইসলাম ফরকাবাদ গ্রামের মজিবর রহমানের ছেলে।
বিরল থানার ওসি আব্দুল মজিদ নিহতের পরিবারের বরাতে বলেন, মনোয়ার মঙ্গলবার রাতে তার শ্বশুরবাড়ি ফরকাবাদে যান। বুধবার সকালে পারিবারিক কলহের একপর্যায়ে শ্যালক সফিকুল ইসলাম লোহার রড দিয়ে মনোয়ারের মাথায় আঘাত করেন। আহত মনোয়ারকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ সফিকুলকে তার বাড়ি থেকে আটক করেছে বলে জানান ওসি মজিদ।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
